
Taratala Factory Collapse: তারাতলায় নির্মীয়মান একটি গোডাউন আজ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ভিতরে আটকে বহু মানুষ। বাঁচার জন্য তারা আর্তনাদ করছে। কেউ কেউ বাইরে হাত বের করে সাহায্যের ইশারা করছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর, দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় তারা উদ্ধারকাজ শুরু করেছে। গ্যাসকাটার দিয়ে লোহা কেটে কেটে আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করা আহত মানুষদের হাসপাতালে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও স্থানীয় বিধায়ক। তাঁরা পুলিশের সাথে কথা বলে কিভাবে উদ্ধার কার্য তরান্বিত করা যায় তা সরেজমিনে খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত ৮-১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, মনে করা হচ্ছে ভিতরে আটকে এখনো বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোডাউনটির ভিতর নির্মানকাজ চলছিল। এদিন দুপুরে হঠাৎই ভেঙে পড়ে গোডাউনের ছাদ। কংক্রিটসহ লোহার স্ট্রাকচারের পুরো অংশটাই নিচে পড়ে যায়। ধুলোয় চারিদিক অন্ধকারে ঢেকে যায়। গোডাউনের ভিতরে বহু শ্রমিক কাজ করছিল তারা ভিতরে আটকে পড়ে। প্রথমে স্থানীয় মানুষরাই উদ্ধারকাজে নামে। পরে একে একে পুলিশ, দমকলসহ অন্যান্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ও সেনাবাহিনী হাত লাগায়। বাইরে থেকে বারবার মাইকিং করে আটকে পড়া মানুষদের উদ্দেশ্যে জানানো হয়, “আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসব”। অভিযোগ করা হচ্ছে লোহার স্ট্রাকচারের উপর শুধুমাত্র অ্যাসবেসটসের ছাউনি দিয়ে গোডাউনের ছাদে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে, তাই এই বিপত্তি। অনেকের নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।
