
Abhisekh Kunal: সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় হাজিরার নির্দেশ দিয়েছিল CBI ; গত বুধবার টানা সাড়ে ৫ ঘন্টা জেরার পর সন্তোষজনক উত্তর না মেলায় আজ আবার ডাক পড়ে অভিষেকের। সেই মোতাবেক তিনি নির্ধারিত সময়ের কিছু আগেই ভবানিভবনে এসে পোঁছন। অভিষেকের পাশাপাশি এদিন দলের মুখপাত্র কুনাল ঘোষকেও CID-র তরফে ডেকে পাঠান হয়। প্রথমে তাদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকের বয়ান লিপিবদ্ধ করা হয়। এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ও বয়ান ‘ক্রস চেক’ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে কুনাল দপ্তরের বাইরে বেড়িয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ‘ আমার কোনো সমস্যা নেই, ওসব চাপ টাপ আমার ডিকশনারিতে নেই…এদিন সাক্ষী হিসেবে আমাকে ডাকা হয়েছিল, আধিকারিকদের সমস্ত প্রশ্নের জবাব আমি দিয়েছি…তদন্তে আমার পূর্ণ সহযোগিতা রয়েছে’।
যদিও তার বাড়ি থেকে বেরোনো ও CID অফিস যাওয়া এই মধ্যবর্তী সময়টা আজ ছিল বেশ ঘটনাবহুল। নিজের বাসস্থান থেকে বেরিয়ে কুনাল প্রথমে সটান চলে যান নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে তিনি যোগদান করেন। সেখান থেকে গন্তব্যে যাওয়ার পথে ময়দানের পাশের রাস্তায় হঠাৎই গাড়ি দাঁড় করান। গাড়ি থেকে নেমেও পড়েন। এরপর পাশে একজন আইসক্রিম ভেন্ডারের থেকে আইসক্রিম কিনে খান ও খাওয়ান। সেখান থেকে ভবানীভবনের উদ্দেশ্যে রওনা দেন। CID দপ্তরে কিছুক্ষণ থেকে তিনি বাইরে বেড়িয়ে আসেন।
তবে, অভিষেককে জিজ্ঞাসাবাদ করে আজও আশানুরূপ উত্তর পায়নি তদন্তে নিযুক্ত আধিকারিকরা। বিশেষ করে সই কলেঙ্কারিতে জড়িত বিধায়কদের সই সম্বলিত রোস্টার বা রেজিস্টার খাতা কোথায় রাখা আছে, তার উত্তরে সন্তুষ্ট হতে পারেনি CID কর্তারা। আগের দিনেও রেজিস্টার বুক নিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন আধিকারিকদের প্রশ্নের উত্তরে তিনি ‘আমি জানি না’, ‘আমার কাছে নেই’ ‘আমি বলতে পারব না ‘– এই জাতীয় দায়সারা জবাব দিয়ে এড়িয়ে গেছেন। সূত্র মারফৎ জানা গেছে,এদিনও তিনি CID অফিসারদের তদন্তে অসহযোগিতা করেছেন। তাই CID-র তরফে পুনরায় ডাকা হবে কিনা বা পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার।
